গেমস তৈরি করে আয়

বর্তমান সময়ে সারা বিশ্বে এনিমেশন, ওয়েবসাইট, ব্যানার, দ্বিমাত্রিক গেমস ইত্যাদি তৈরির জন্য ফ্লাশ (Flash) অত্যন্ত জনপ্রিয় একটি সফটওয়্যার। আমাদের দেশেও প্রচুর প্রফেশনাল ফ্লাশ ডেভেলপার রয়েছেন। আউটসোর্সিং এর জগতে ফ্লাশের রয়েছে বেশ ভাল কদর। ফ্লাশ দিয়ে তৈরি করা একটি ওয়েবসাইটের দাম সাধারণ ওয়েবসাইট থেকে অনেক বেশি হয়ে থাকে। ফ্লাশ দিয়ে একদিকে যেরকম নজরকাড়া ডিজাইন তৈরি করা যায়, অন্যদিকে এর একশনস্ক্রিপ্ট দিয়ে শক্তিশালী ও উন্নতমানের সফটওয়্যার তৈরি করা সম্ভব। ফ্লাশ দিয়ে তৈরি করা গেমগুলো যেকোন বয়সের মানুষই পছন্দ করে। ফ্লাশ দিয়ে গেমস তৈরিতে পারদর্শী হলে এটি হতে পারে ঘরে বসে আয়ের অন্যতম মাধ্যম। এই সুযোগটি করে দিচ্ছে মোচিমিডিয়া (www.MochiMedia.com) নামক একটি চমৎকার ওয়েবসাইট। এই ওয়েবসাইটটি প্রকৃতপক্ষে একটি বিজ্ঞাপনের নেটওয়ার্ক, যাদের রয়েছে ১৪ হাজারের উপর ফ্লাশ গেমসের বিশাল সংগ্রহ। যা ৩০ হাজার ওয়েবসাইটের মাধ্যমে ১০ কোটি গেমারের কাছে ডেভেলপারের তৈরিকৃত গেমকে বিনামূল্যে পৌছে দেয়। তার বিনিময়ে গেমে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন প্রদর্শিত হয়, যা থেকে প্রাপ্ত অর্থের একটি অংশ গেম ডেভেলপারকে দেয়া হয়।
তাহলে দেখে নেয়া যাক মোচিমিডিয়া ওয়েবসাইটটি কিভাবে কাজ করে। ওয়েবসাইটে তিন ধরনের ব্যবহাকারী রয়েছে – গেম ডেভেলপার, গেম প্রকাশক এবং বিজ্ঞাপনদাতা। প্রথমে গেম ডেভেলপার একটি গেম তৈরি করে ওয়েবসাইটে জমা দেয়। গেম প্রকাশকরা গেমটিকে মোচিমিডিয়া থেকে ডাউনলোড করে তাদের নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করে। সেই সকল ওয়েবসাইটের ব্যবহারকারী গেমাররা যখন গেমটি খেলে তখন গেমের মধ্যে একটি বিজ্ঞাপন প্রদর্শিত হয়। প্রত্যেকবার বিজ্ঞাপন প্রদর্শিত হবার জন্য বিজ্ঞাপনদাতা মোচিমিডিয়াকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করে। মোচিমিডিয়া গেম ডেভেলপারকে সেই অর্থের ৫০% প্রদান করে। এভাবে যে কেউ প্রত্যেকবার গেম খেলার সাথে সাথে গেম ডেভেলপার স্বয়ংক্রিয়ভাবে আয় করতে থাকে। এই আয়ের পরিমাণটি কত সেই তথ্য নির্দিষ্ট করে সাইটে দেয়া নেই। এটি নির্ভর করে গেমে যে বিজ্ঞাপনটি প্রদর্শিত হচ্ছে তার উপর। অন্যান্য ডেভেলপারদের সাথে যোগাযোগ করে জানা যায়, গড়ে প্রতি ১ হাজার বার গেম খেলা হলে গেম ডেভেলপার ১ ডলার আয় করে। সেই হিসেবে মোচিমিডার ৩০ হাজার পাবলিশারের মধ্যে অন্তত ১০ হাজার পাবলিশারের ওয়েবসাইটে যদি ১ বার করেও প্রতিদিন আপনার গেম খেলা হয় তাহলে একটি গেম থেকেই প্রতিদিন ১০ ডলার করে আয় করা সম্ভব। গেম পাবলিশারদের মধ্যে অনেকগুলো বিখ্যাত ওয়েবসাইট। যাদের মধ্য উল্লেখযোগ্য হচ্ছে Hi5, MindJolt, GamePro এবং AOL এর মত বিখ্যাত সাইটগুলো। এইসব সাইটে প্রতিদিন কয়েক লক্ষ ব্যবহারকারী ভিজিট করে। সেই হিসেবে একটি উন্নতমানের গেম তৈরি করতে পারলে ধারণার চেয়েও বেশি পরিমাণে আয় করা সম্ভব।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন